ঘুমের মধ্যেই পাহাড় ধস

 
নিম্নচাপের ফলে সারাদেশে গত তিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। রাতের খাবার শেষে পাহাড়ের বাসিন্দারা পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাহাড় ধসে পড়ে। আর এতে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান ছয়জন। আহত হন আরও পাঁচজন। ঘটনাটি ঘটে বান্দরবান শহরের বালাঘাটা, লেমুঝিরি পাড়া ও আগাপাড়া এলাকায়।
 
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পাহাড় ধসে নিহতরা হলেন, রেবা ত্রিপুরা (২৪), লতা বড়ুয়া (৭), মিতু বড়ুয়া (৫), শুভ বড়ুয়া (৪), আব্দুল আজিজের স্ত্রী কামরুন্নাহার (৪০) ও মেয়ে সুপিয়া আক্তার (৮)। আহতরা হলেন, পসান ত্রিপুরা (২২), বীর বাহাদুর ত্রিপুরা (১৬) ও দুজাকিন ত্রিপুরা (২৬)।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা শহরের বালাঘাটা পুলিশ ক্যাম্প এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ঘটনার সময় হতাহতরা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। টানা বর্ষণের কারণে হঠাৎ পাহাড় ধসে ঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে রেবা ত্রিপুরা মারা যান। অন্যদিকে রাতে শহরের লেমুঝিরি পাড়া ও আগাপাড়ায় অনুরূপভাবে পাহাড় ধসে আরও পাঁচজন নিহত ও চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।  বান্দরবান সরকারি কলেজের ছাত্র।
 
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তারিকুল ইসলাম জানান, ধসে পড়া মাটি নরম হওয়ার কারণে মা-মেয়ের লাশ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তার পরও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। বান্দরবান ফায়ার সার্ভিসের সাব অফিসার স্বপন কুমার বোস বলেছেন, 'ফায়ার সার্ভিস ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।'
 
ইত্তেফাক/জামান