রৌমারী সীমান্তে গরু ব্যবসায়ী নিখোঁজ

 
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ'র ছোড়া পাথরের আঘাতে নদীতে ডুবে গেলেন নুর হোসেন (২৪) নামের বাংলাদেশি গরু ব্যবসায়ী। এসময় পাথরের আঘাতে দুটি গরুও মারা যায়। আহত হয় আরো তিন গরু ব্যবসায়ী।
 
মঙ্গলবার ভোর রাতে উপজেলার ভন্দুরচর সীমান্তে ওই ঘটনা ঘটে। নদীতে ডুবে নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ীর কোনো সন্ধান ওই দিন সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
 
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার এর কাছ দিয়ে কালো নদী দিয়ে ১০/১২ জনের একটি দল ভারত থেকে সাঁতরিয়ে গরু নামাচ্ছিল। এ সময় ভারতের মানকারচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ওই গরু ব্যবসায়ীদের লক্ষ করে উপর্যপুরি পাথর নিক্ষেপ করতে থাকে। পাথরের আঘাতে নুর হোসেন পানিতে ডুবে যায়। পাথরের আঘাতে দুটি গরুও মারা যায়। আহত হয় জরিফ মিয়া (৩০), চান্দু মিয়া (২৬) ও রাজীবুর রহমান (২৮) নামের তিন গরু ব্যবসায়ী।
 
নিখোঁজ গরু ব্যবসায়ী নুর হোসেনের বাবা মৃত মনু মিয়া। সীমান্ত ঘেঁষা উত্তর বারবান্দা গ্রামে তাদের বাড়ি। তার ঘরে স্ত্রী সন্তান রয়েছে। স্বজনরা সারা দিন ওই নদীতে লাশ খোঁজ করছিল। কিন্তু কোনো সন্ধান পায়নি।
 
এ প্রসঙ্গে বিজিবি জামালপুর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় সাংবাদিকদের তিনি জানান, বিএসএফ সদস্যদের কাছে এর জবাব চাওয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান