নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মঙ্গলবার বিকেলে পুলিশ দেখে পালাতে গিয়ে আব্দুল গফুর (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি উপজেলার ঘাগড়া ইউনিয়নের বোয়ালীয়াকান্দা গ্রামে।
জানাগেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার কালিহর নদীতে গফুরসহ পাঁচ/ছয়জন জেলে নিষিদ্ধ মশারী জাল দিয়ে পোনা মাছ ধরছিলেন। খবর পেয়ে পূর্বধলা থানার উপ-পরিদর্শক হারুন-অর রশিদের নেতৃত্বে পুলিশ জাল আটক করতে যায়।
পুলিশ দেখে অন্য জেলেদের সঙ্গে আব্দুল গফুর দৌড়ে পার্শ্ববর্তী রাঙ্গামাটিয়া গ্রামের সুরুজ আলীর বাড়িতে যাওয়ার পর মাটিতে লুটে পড়েন। পরে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে বলেন, 'মশারী জাল দিয়ে পোনা মাছ ধরার খবর পেয়ে জাল জব্দ করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শুনেছি পুলিশ জাল জব্দ করে নিয়ে আসার পর এক ব্যক্তি হার্ট অ্যাটাক করে মারা গেছে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান বলেন, 'উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলার কালিহর নদী থেকে অবৈধ জাল আটক করা হয়েছে। জাল আটক করে নিয়ে আসার পর জালের মালিক গফুর মারা গেছে বলে শুনেছি।'
ইত্তেফাক/জামান