বিএসএফের ছোড়া পাথরের আঘাতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে নূর হোসেন (২৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
বুধবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক সীমানা ১০৬৬ নং পিলারের কালোঘাট নদীর ব্রিজের কাছে বাংলাদেশের অভ্যন্তরে নদীর পানিতে তার লাশ ভেসে ওঠে। নিহতের স্বজনরা লাশ দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যারা ঘটনাস্থলে যান। পরে নিহতের লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। 
 
রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। 
 
বর্ডারগাড বাংলাদেশ (বিজিবি) জামালপুর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মাদ আতিকুর রহমান জানান, আন্তর্জাতিক সীমানা ১০৬৬ নং পিলারের কালোঘাট নদীর ব্রিজের কাছে (জিঞ্জরাম নদী) একটি লাশ পাওয়া যায়।
 
প্রসঙ্গত, গত সোমবার ৩টার দিকে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬ এর কাছ দিয়ে কালো নদীর ব্রিজের নিচ দিয়ে গরু আনতে যায়। ওই সময় ভারতের মানকারচর শাহাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ব্রিজের ওপর থেকে পাথর ছুড়ে মারে। এতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নূর হোসেন (২৫) আহত হয়ে নিখোঁজ হন।
 
ইত্তেফাক/ইউবি