'রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থসহায়তা উদ্বেগজনকভাবে কমছে'

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থসহায়তা উদ্বেগজনকভাবে কমছে এবং কমেছে বলে জানা গেছে। কক্সবাজারে ‘রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাগুলোর ফলাফল এবং সম্ভাব্য প্রতিক্রিয়া’ বিষয়ে এক সেমিনারে এ তথ্য জানান সরকারের যুগ্ম সচিব, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রোহিঙ্গার প্রবেশকালীন সময়ের তুলনায় বর্তমানে আন্তর্জাতিক অর্থসহায়তা উদ্বেগজনকভাবে কমে এসেছে।’

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি বর্তমানে আমাদের সকলের জন্য চাপের। এ সমস্যার শিকার শুধু রোহিঙ্গারাই নয়, স্থানীয় লোকজনও নানাভাবে নিদারুন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে প্রাকৃতিক পরিবেশের। মানুষের জীবিকার। তাই সহায়তা শুধু রোহিঙ্গাদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা করা জরুরি। কিন্তু বাস্তবতা হলো, রোহিঙ্গার প্রবেশ শুরুর দিকের তুলনায় বর্তমানে আন্তর্জাতিক অর্থসহায়তা কমে এসেছে। এটি উদ্বেগের বিষয়।’

বুধবার রাতে রিসডা বাংলাদেশ’র চেয়ারম্যান নুরুজ্জামান মুন্নার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো. হেমায়েত হোসেন। সেমিনারের মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন রিসডা বাংলাদেশের উপদেষ্টা কাজী নাবিউল হক। 
তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রবেশের কারনে উখিয়ার ও টেকনাফ উপজেলার জনসংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। ক্যাম্পের অভ্যন্তরে এবং স্থানীয় লোকজন ও রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা ও সহিংসতা দুটোই বৃদ্ধি পেয়েছে।’

আরও পড়ুনঃ হাজীগঞ্জে তিন মাস ধরে নিখোঁজ বাবা, সংসারের হাল ধরলো কলেজ ছাত্রী শ্রাবণী

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিসেফের ইমার্জেন্সি ম্যানেজার ব্যারটা ট্রাভিস, এনজিও পালস এর নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী খোকা প্রমুখ। সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

ইত্তেফাক/নূহু