ফারুকীর ইংরেজি চলচ্চিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকী

নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলিউডের প্রশংসিত ও জনপ্রিয় চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।  ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়র্ক, পিপলি লাইভ, কাহানি, গ্যাংস অব ওয়াসিপুর, মানঝি, তালাশ, বদলাপুর, বজরঙ্গি ভাইজানসহ আরো অনেক ছবিতে অভিনয় করে প্রসংশা কুড়িয়েছেন এ অভিনেতা। এবার মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নওয়াজউদ্দিনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’ চলচ্চিত্রটি প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, এটি তার প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে নিউইয়র্কে এবং বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।

নির্মাতার পাঠানো এক মেইল বার্তায় নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্যটা আমি প্রথম যখন পড়ি তখন থেকে এটি আমার সাথে রয়ে গেছে। জোরালো রসবোধ, ব্যাঙ্গ-বিদ্রুপ ও আবেগের মধ্য দিয়ে আজকের যুগের এক অদ্ভুত পৃথিবীকে আবিষ্কার করে এই চিত্রনাট্য। কিছু সিনেমা আছে যেগুলো আপনার অবশ্যই বানানো উচিত। একজন অভিনেতার সামর্থ্যের বাইরেও এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য আমি নিজের ভিতর একটা তাগিদ অনুভব করছিলাম, কারণ আমার মনে হয়েছে এটা এমন একটা সিনেমা অবশ্যই যেটা তৈরি হওয়া দরকার।’

আরো পড়ুন: পুত্রবধূর সঙ্গে প্রেম চালিয়ে যেতে ছেলেকে খুন

নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে।

ফারুকী জানান, চলচ্চিত্রটি পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় রাজনীতি দ্বারা অনুপ্রাণিত। এই নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রথম ইংরেজি ভাষার সিনেমা এবং তার প্রযোজিত প্রথম সিনেমা। চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও অভিনয় করবেন একজন আমেরিকান অভিনেত্রী, যার নাম খুব শিগগিরই জানা যাবে। এ ছাড়া ছবিটিতে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের একজন অভিনেতা।

এই চলচ্চিত্রে সংলাপগুলো হবে মূলত ইংরেজি ভাষায় এবং এর পাশাপাশি উর্দু, হিন্দি ও বাংলা ভাষাতে কিছু সংলাপ হবে বলে জানান মোস্তফা সরয়ার ফারুকী।

ইত্তেফাক/বিএএফ