রোগী সেজে চিকিৎসকের চেম্বারে যাতায়াত করতেন এক সুন্দরী। ফোনে বেশ কয়েকবার তাদের সঙ্গে কথাও হয়। শুধু তাই নয়, এক ক্ষুদ্র নৃগোষ্ঠী সুন্দরী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করিয়ে দেওয়ারও প্রলোভন দেখানো হয়। কিন্তু এসবই ছিল একটি ফাঁদ। এই ফাঁদে পড়ে অপহরণ হন এক চিকিৎসক।
ওই চিকিৎসকের নাম মোনায়েমুল বাশার (৪০)। তিনি হোমিও চিকিৎসক। রাজধানীর মিরপুর থেকে তাকে অপহরণ করা হয়। সবশেষ বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন থেকে মোনায়েমুলকে উদ্ধার করে র্যাব। একই সঙ্গে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।
আটকরা হলেন- আলমগীর হোসেন (১৮), ফয়সাল আহমেদ (১৮), ফয়েজ উদ্দিন (৩২), বিল্লাল হোসেন (৩৮), আব্দুল হালিম (৫২) এবং আব্দুস সালাম (৫৫)। এদের কাছ থেকে মুক্তিপণের ২৭ হাজার ৫০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে অপহরণ চক্রের অন্যতম সদস্য তারা বিবি ও সোহরাব নামের দুজন এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছে র্যাব।
আরো পড়ুন: উচ্ছেদ করা হলো সেই আওয়ামী লীগ নেতার গরুর খামার
র্যাব জানায়, রোগী সেজে চিকিৎসকের সঙ্গে সখ্য গড়ে তোলেন ওই নারী। এরপর গত বুধবার মোনায়েমুলকে মিরপুর থেকে ভাওয়াল বনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হাত ও চোখ-মুখ বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এরপর মোনায়েমুলের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠায় মোনায়েমুলের পরিবার। পরে বিষয়টি র্যাব-৪ কে জানালে বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই বনে উদ্ধার অভিযান চালানো হয়।
র্যাব সতর্ক করে বলেছে, সম্প্রতি একটি চক্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুন্দরী নারীদের ঢাকায় এনে ফাঁদ ফেলছে। তারা বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে, বিভিন্ন কৌশলে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করছে। তারপর ফাঁদে ফেলা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ