বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে মহরম আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মহরম আলী উপজেলার বাঁশপাতা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে খলিলুর রহমানের স্ত্রী কোলের সন্তান মহরম আলীকে নিয়ে চার মাস আগে থেকে পার্শ্ববর্তী মহিশুরা গ্রামে বাবা আব্দুর রহমানের বাড়িতে থাকতেন। বুধবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অজান্তে হামাগুড়ি দিয়ে খেলার এক পর্যায়ে নানার বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যান মহরম আলী।
এদিকে, দাম্পত্য বিরোধের জের ধরে স্ত্রীর বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ করেন খলিলুর রহমান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে বাঁশপাতা কবরস্থানে শিশু সন্তান মহরমের মৃতদেহ দাফন করা হয়েছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, 'স্বামী-স্ত্রীর বিরোধের জেরে সন্তান হত্যার অভিযোগ করেন খলিলুর রহমান। কিন্তু তদন্ত করে দেখা যায়, প্রকৃত পক্ষেই পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করে মহরমের মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।'
ইত্তেফাক/জামান