ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় র‌্যাব

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় জনশূন্য হয়ে পড়বে রাজধানী ঢাকা। তাই রাজধানীর প্রায় ১৫ থেকে ২০ লাখ ফাঁকা বাড়ি, অফিস ও বিপনীবিতানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে র‌্যাব।
 
অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। 
 
র‌্যাব ডিজি বলেন, ঈদকে সামনে রেখে ইতোমধ্যে নগরীর বিপনীবিতাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-রেল স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র‌্যাব ক্যাম্প বসানো হয়েছে। নগরীজুড়ে টহল টিম, মোটরসাইকেলে টহল টিম ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো ঈদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার ট্রেনে কোনো কালোবাজারি হয়নি। মানুষ স্বাচ্ছন্দে টিকিট কিনতে পারছেন। একই সঙ্গে তারা যেন শান্তিতে বাড়ি গিয়ে ঈদ করতে পারেন সেজন্য যাত্রাপথেও র‌্যাবের নিরাপত্তা থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব সদস্যরা প্রস্তুত।
 
জঙ্গিদের অপারেশনাল শাখা দূর্বল হয়ে পড়েছে উল্লেখ করে র‌্যাব প্রধান বলেন, প্রায় প্রতিদিনই কোনও না কোনও বাহিনীর হাতে জঙ্গিরা ধরা পড়ছে। ক্রমাগত অভিযানে জঙ্গি গোষ্ঠীর অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে। তাদেরকে নিশ্চিন্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাই মিলে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির কারণে রেল স্টেশনগুলোতে গত ৫-৬ বছর ধরে পকেটমার, অজ্ঞনপার্টির দৌরাত্ব নেই।
 
ইত্তেফাক/ইউবি