নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে সংসদে এসে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, বিরোধী দলবিহীন পার্লামেন্ট সরকার চায় না। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছেন। কেন সংসদে আসবেন না প্রশ্ন রেখে নাসিম আরো বলেন, গলায় জোর থাকলে ছয়জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুরের নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন: ফিফা ওয়ার্ল্ড র্যাংকিংয়ের শীর্ষ দশে জায়গা পেল না আর্জেনটিনা
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ বিরোধী দল থাকার সময় অনেক বার জেল খেটেছি, পুলিশের হাতে নিগৃহীত হয়েছি, কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়নি।
বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতা দিয়ে আন্দোলন হয় না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তোবা লাভ হতে পারে।
ইত্তেফাক/জেডএইচ