রাজবাড়ীতে অজ্ঞান পাটির খপ্পরে দুই যাত্রী

রাজবাড়ীতে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে দুই বাস যাত্রী অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত দুই যাত্রীর একজন রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির ঝাউগ্রামে খোয়াজ ফকিরের ছেলে ঢাকা স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আব্দুল রাজ্জাক(৩৪)। অপরজন কুষ্টিয়া শহরের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে আনিছুর রহমান(৪৫)।

ওই বাসে থাকা মেহেদী নামে এক যাত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাট পার হয়ে কুষ্টিয়াগামী লোকাল বাসে উঠি। এ সময় বাস ড্রাইভার বললেন, ইফতারের দশ মিনিট পর বাস ছেড়ে যাবে। এ সময় রাজ্জাক ও আনিসুর ইফতার করার জন্য বাস থেকে নিচে নামেন।

বিরতি শেষে বাস রওনা হলে তারা দুজন বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। আশেপাশে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় রাত নয়টার দিকে কালুখালীতে নেমে পাংশা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বায়িত্বে থাকা ডাঃ অমি বলেন, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

ইত্তেফাক/নূহু