সিরাজগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত লাল চান মণ্ডল (৪০) উপজেলার কর্ণসূতি গ্রামের ঠাণ্ডু মণ্ডলের ছেলে ।
 
বৃহস্পতিবার রাতে কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের বড়বাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতের বাবা বলেন, গত ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে স্থানীয় সালাম ও আমার শ্যালকের ছেলে বুদ্দুর মধ্যে দ্বন্দ্ব হয়। মাস-দুয়েক আগে সালামের সমর্থিতরা তার ছেলে লাল চান মণ্ডলকে মারপিট করে। পরে তার ছেলের পক্ষের লোকেরাও সালামের সমর্থকদের মারপিট করে। এ দ্বন্দ্বের  পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে লাল চানকে একা পেয়ে প্রতিপক্ষ সালাম, নয়ন ও নিরবসহ বেশ কয়েকজন মিলে কুপিয়ে গুরুতর আহত করে তাকে রাস্তার পাশের ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় সেখান থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর