শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া ফাঁকা মাঠের মধ্যে পাকা রাস্তা সংলগ্ন পাট ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তার বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে প্রবল বর্ষণের মধ্যে ওই গ্রামের লোকজন কাজ করতে গিয়ে লাশটি পাট ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদে তখনও লাশের কোন সঠিক পরিচয় খুঁজে পাওয়া যায়নি। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে প্রেরণ করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের পর তার সঠিক পরিচয় জানার জন্য পুলিশ তৎপর রয়েছে। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর অাসল রহস্য উৎঘাটন করতে সহজ হবে। লাশের গায়ে তেমন কোন অঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে অনুমান করা যাবে মৃত্যুর অাসল রহস্য কি।