সংবাদ সম্মেলন না করে দুর্গত এলাকায় যান: বিএনপিকে হাছান মাহমুদ

অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা বিশেষ করে চট্টগ্রামাঞ্চলে সৃষ্ট ভূমিধস ও বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষজনের জন্য ঢাকায় বসে সংবাদ সম্মেলনে মায়াকান্না না দেখিয়ে উপদ্রুত এলাকায় গিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
 
তিনি বলেন, প্রথম থেকেই সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা বন্যায় ও ভূমিধসে আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দুর্গত এলাকায় ছুটে গেছেন, ত্রাণ ও অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করে যাচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিএনপির কেন্দ্রীয় তো দূরের কথা চট্টগ্রামেরও স্থানীয় কোনো নেতাকে এখন পর্যন্ত দুর্গত এলাকায় দেখা যায়নি। তাই বিএনপি নেতাদের বলবো দয়া করে মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি না করে তাদের পাশে গিয়ে দাড়ান।

ইত্তেফাক/এএম।