ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে শুরু হওয়া যানজট প্রায় ২০ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে। এ যানজট মেঘনা সেতু হয়ে বাউশিয়া পর্যন্ত গিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
 
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ও মেঘনা ব্রিজের উপর কাভার্টভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের কারণে ও ধীরগতিতে টোল আদায় ও মহাসড়কে ছুটির দিনে অতিরিক্ত গাড়ির চাপ ও বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় এক সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও মেঘনা ও কাঁচপুর সেতুতে এক লেনে গাড়ি চলাচল করায় আরো বেশি যানজট হয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
 
যানজট নিরসনে পুলিশ ভোর থেকে কাজ করে যাচ্ছে। যানজটের আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। যানজটের কারণে মহাসড়কে যান চলাচলে ধীরগতি ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে ৫টার দিকেও মহাসড়কে যানজট ছিল। ওই সময়েও মহাসড়কের গাড়িগুলো ধীর গতিতে চলতে দেখা যায়।
 
সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের প্রভাব শাখা পথগুলোতে এসে পড়েছে। যানজট নিরসনের হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাঁ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
 
ইত্তেফাক/জামান