বরিশালে নববধূর লাশ উদ্ধার

 
মুলাদী পৌর সদরের ভাড়াটিয়া বাসা থেকে রোজিনা আক্তার (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
 
রেজিনা মাগুরা সদর উপজেলার বেড়ইন গ্রামের রকিব হোসেনের কন্যা ও বরিশাল সদর উপজেলার পিটারখাপার গ্রামের রিপন বিশ্বাসের স্ত্রী।
 
পুলিশ জানায়, গত দেড় মাস পূর্বে পিটারখাপার গ্রামের আবু বক্কর বিশ্বাসের পুত্র রিপন বিশ্বাসের সাথে রোজিনার বিয়ে হয়। রিপন বিশ্বাস আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়ের বিপণন কর্মী হিসেবে মুলাদীতে কর্মরত থাকায় সে তার নববধূকে নিয়ে পৌর সদরের চরডিক্রী এলাকার কালাম হাওলাদারের ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে রিপন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
 
মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, 'প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।'
 
ইত্তেফাক/জামান