খালেদা জিয়া সরকারের সমালোচনায় ব্যস্ত : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন,  বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্গতদের পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনা করতে ব্যস্ত রয়েছেন।
 
শুক্রবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদের সামনে মিনি স্পেডিয়াম উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি একথা বলেন।
 
সমাবেশে সভাপতিত্ব করেন বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আকতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশনারা সিদ্দিক প্রমুখ।
 
মাহাবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে অবস্থান করলেও তিনি বা তার দলের নেতারা দুর্গতদের কোনো প্রকার খোঁজ খবর নেননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে অবস্থান করলেও এই তথ্য প্রযুক্তির যুগে তিনি সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ খবর রাখছেন এবং প্রতিদিনের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন।
 
ইত্তেফাক/ইউবি