শেখ হাসিনা গড়েন আর খালেদা জিয়া ধ্বংস করেন: রেলপথ মন্ত্রী

 
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেছেন, 'বিএনপি জামায়াতের সময় রেলপথ ছিল অরক্ষিত জরাজীর্ণ ও অবহেলিত। বর্তমান সরকার রেলের বরাদ্দ বাড়িয়ে আধুনিকায়নের মাধ্যমে রেলের ব্যাপক উন্নয়ন সাধন করেছে। বিএনপি নেত্রী (খালেদা জিয়া) আন্দোলনের নামে নাশকতা চালিয়ে রেলের ব্যাপক ক্ষতি করেছে। শেখ হাসিনা গড়েন আর খালেদা জিয়া ধ্বংস করেন।'
 
শনিবার দুপুরে পঞ্চগড় রেল স্টেশনে নব নির্মিত ডুয়েল গেজ রেল লাইন পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড় রুটে ঢাকাগামী আন্ত:নগর একতা ও দ্রুতযান এক্সপ্রেসের সাথে দুটি শাটল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, 'রেল যোগাযোগের মাধ্যমে সুলভে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে রেল মন্ত্রণালয় গঠন করে রেলের ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের রেলপথকে উন্নত বিশ্বের ন্যায় গড়ে তুলতে পুরাতন-জরাজীর্ণ রেললাইন গুলোকে নতুন লাইনে রূপান্তর এবং সংস্কার করে আধুনিকায়ন করা হচ্ছে।'
 
রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজুমল হক প্রধান, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, ইয়সিন আলী এমপি প্রমুখ।
 
ইত্তেফাক/জামান