ঈদে বাজারে এলো পরান-এর প্রথম অ্যালবাম ‘রোদের ছেলে’

‘আমাকে ভালোবাসি তাই/ তোমাকে ভালোবাসি/ আমাকে ছুঁতে চাই তাই/ তোমাকে ছুঁয়ে দেখি/ হয়তো তোমায় ভালোবাসি না/ হয়তো বাসি কি-না ভালো জানি না’—ক্লোজআপ ওয়ান-খ্যাত তরুণ সংগীতশিল্পী পরানের গাওয়া এই গানটি থাকছে তার ‘রোদের ছেলে’ শিরোনামের প্রথম একক অ্যালবামে।
 
জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক কিশোর দাশের সুর ও সংগীতে ছয়টি গান দিয়ে সাজানো হয়েছে পরানের ‘রোদের ছেলে’ অ্যালবামটি। গানগুলো হলো—আমাকে ভালোবাসি তাই, চোখ ভেজা জল, রোদের ছেলে, দূরের জানালায়, এক আঁজলা জল ও ভৈরব লাইনের গাড়ি। লিখেছেন—অতনু তিয়াস, সোমেশ্বর অলি, আরাফাত সেতু, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর, ও তৈয়ব উদ্দিন।
 
এই অ্যালবাম প্রসঙ্গে পরান ইত্তেফাককে বলেন, শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে একটু একটু করে এগিয়ে নিয়েছি এই অ্যালবাম-এর কাজ। সংগীত পরিচালক ও সুরকার বন্ধু কিশোরকে নিয়ে প্রতিটি গানের গীতিকবিদের সঙ্গে বহুবার বসেছি একটা ভালো গান তৈরির আশায়। আন্তরিক চেষ্টা ছিল আমাদের সবার। মূলত এটি ছিল একটি যৌথ সৃষ্টি ও আনন্দযাত্রা। এখন গানগুলো শ্রেতাদের হৃদয়ে স্থান করে নিতে পারলেই এই চেষ্টা সার্থক হবে বলে মনে করি।
 
প্রথম একক অ্যালবাম নিয়ে এলেন শ্রোতাদের জন্য। ঈদ উপলক্ষে আজব রেকর্ডস থেকে প্রকাশিত হলো তার ‘রোদের ছেলে’ নামক অ্যালবামটি। ‘রোদের ছেলে’র গানগুলো এক্সক্লুসিভলি শোনা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপে। এছাড়া আজব রেকর্ডসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও থাকছে অ্যালবামটি। পবিত্র ঈদকে সামনে রেখে ‘রোদের ছেলে’ বাজারে এনেছে আজব রেকর্ডস।