কাজল আরিফের স্বপ্নছেঁড়ায় সজল-ঊর্মিলা

 
ঈদকে সামনে রেখে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী কাজল আরিফের নতুন মিজউক ভিডিও। গানটির শিরোনাম ‘স্বপ্নছেঁড়া’। গতকাল শনিবার ১৭ জুন ২০১৭ গানটি প্রকাশ করেছে ঈগল মিউজিক। স্বপ্নছোঁড়া মানুষ আমি/স্বপ্ন যাই বুনে/ স্বপ্ন সিঁড়ি বেয়ে নামি/ রোজ তোমার চন্দ্র মনে, এমন মিষ্টি কথার গানটি লিখেছেন মাহমুদ মানজুর।
 
সুর ও সংগীত আয়োজন করেছেন মীর মাসুম। গানটি নিয়ে শিল্পী বলেন ‘ অনেক সময় ও যত্ন নিয়ে গানটি তৈরি হয়েছে। সুন্দর কথা ও সুরে চেষ্টা করেছি প্রাণ খুলে গাইতে। ভিডিওটিও বেশ নান্দনিক হয়েছে। দর্শক শ্রোতাদের গান ও ভিডিও দুইই মুগ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
 
মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাজমুল রনি। মডেল হয়েছেন আব্দুন নুর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর। নাজমুল রনি পরিচালিত প্রক্সি নাটকে টাইটেল সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে গানটি। সজল ও ঊর্মিলা অভিনয় করেছেন নাটকটিতে। নাটকের গল্প লিখেছেন সৈয়দ ইকবাল।
 
ঈদে ঈগল মিউজিক থেকে আরও আসবে কাজল আরিফের ‘কসম দিলাম’ গানের ভিডিও। এটি লিখেছেন সজীব শাহরিয়ার, সুর করেছেন আমীরুল মোমেনীন মানিক। উল্লেখ্য, ২০১৩ সালে প্রকাশ হয় কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’।
 
ইত্তেফাক/আনিসুর