যন্ত্রপ্রেমগুলোর আবেগ হ্যান্ডি
হাতে নিয়ে চলা যায় উপমহাদেশ
এই যে পাশের সিটটা খালি
তাতে কি!
নিছক যন্ত্রের খেয়ালি খপ্পরে...
কেউ কি আর একা আছে এখন!
যন্ত্রের অ্যাকুরিয়ামে সাতরং মাছ ডানা ছড়িয়ে
অদ্ভুতভাবে উড়ছে সময় আর আবেগ নিয়ে
মাছগুলো বিশ্বাসঘাতক
দিব্বি খেলছে নানান মনে।
ছায়ারা বোঝে না মাছের সাথে বন্ধন হয় না
কেবল যা হয় তা আকাশভাঙা খেলা
আর নিঃস্ব হাতের তালুতে ধরে থাকা
এক ফোঁটা নোনা জল।
সব কিছু আগুনশিখার নিচে পুড়তে পুড়তে
একা মিশে যাচ্ছে নীলাভ অন্ধকারে
কিচ্ছু নয়... না মায়া... না ছায়া...
নির্ভার পালকে কত কথা লিখে যাচ্ছে...
রাত্রির বিষাদে।
জীবনের চারপাশ অনেক আড়াল
চোখভরা জল লুকিয়ে রাখা
রক্তনদী—উদ্ধত—অনুদ্ধত কিছু ফুল।
মানুষ কি ধোঁকা খায়, খেতেই ভালোবাসছে...
গভীর যন্ত্রের শোক ব্লক খাচ্ছে যন্ত্রায়িত প্রেমে।
হূদয় বারুদ খাচ্ছে অহরহ...
তা লিখে রাখছে স্ট্যাটাসে
কবিতা ও গানে।