কমমূল্যে বিড়ি প্রাপ্তি ও তিন বছরের মধ্যে বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে ‘বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ’। রবিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো. আসলাম, সাধারণ সম্পাদক হরিপদ সাহা, বিড়ি ভোক্তা কমরুদ্দিন, এন্তাজ মিয়া, মানিক মিয়া, মানিক তালুকদার, আল আমিন হোসেন, বাবুল আক্তার প্রমুখ।
বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো. আসলাম বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে যে বিড়ি ৩-৪ টাকায় পাওয়া যেতো তার দাম আজ ১৫ টাকা। আমরা শুনতে পাচ্ছি এর দাম আরো বাড়ানো হবে। অথচ আমাদের নেত্রী জাতীয় সংসদে কোনো এক বাজেট বক্তব্যে বলেছিলেন, বিড়ি গরীব মানুষ খাই, তা যেনো গরীবের জন্য সহজলভ্য হয়।’
তিনি আরো বলেন, ‘তিন বছরের মধ্যে বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করতে হবে। প্রতিনিয়ত আমরা যারা শ্রমজীবী মানুষ আছি তারা যাতে কমমূল্যে বিড়ি পাই সে ব্যবস্থা করতে হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক হরিপদ সাহা বলেন, ‘আমরা মজদুর মানুষ, দুবেলা পেট পুরে ভাত খাই। নেশা বলতে ৮-১০টি বিড়ি পান করি। সেটার ওপর কেন অর্থমন্ত্রীর এই বিরুপ আচরণ। আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। গরীবের পেটে লাথি সহ্য করা হবে না।’
ইত্তেফাক/ইউবি