টেকনিক্যাল টেক্সটাইলের প্রদর্শনী শুরু ১৪ মে

বস্ত্র খাতের ভবিষ্যত্ টেকনিক্যাল টেক্সটাইলের প্রদর্শনী টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস অনুষ্ঠিত হবে আগামী মে মাসের ১৪ থেকে ১৭ তারিখে। মেসে ফ্র্যাঙ্কফুর্ট আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের উদ্যোক্তারাও অংশ নিচ্ছে। টেকনিক্যাল টেক্সটাইল হচ্ছে এমন কাপড় যা ফ্যাশনের জন্য ব্যবহার হয় না। এটি যেমন অগ্নিনির্বাপক বা নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। সামরিক ও পুলিশ ইউনিফর্ম বা এমনকি মহাকাশচারীদের জন্য তৈরি করা বিশেষ কাপড়। বিশেষ মূল্য সংযোজন বা ভ্যালু এডিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এই টেকনিক্যাল টেক্সটাইল। সারা বিশ্বের টেক্সটাইল উত্পাদনের মধ্যে টেকনিক্যাল টেক্সটাইল ২৭ শতাংশের মতো। ২০২০ সালের মধ্যে টেক টেক্সটাইলের বাজার আরো বড় হয়ে ১৭৫ বিলিয়ন হবার কথা। যা ২০০০ সালের ৯৩ বিলিয়নের প্রায় দ্বিগুণ।

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য ওই প্রদর্শনীতে ফ্যাশন সাইকেলে, স্থায়িত্বে এবং কেন এই শিল্প অতিরিক্ত খরচ এবং শ্রম বাদ দিয়ে ভোক্তাদের চাহিদার দিকেই মনোযোগ দেওয়া উচিত সেসব বিষয়ে আলোচনা করা হবে। এবারের প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হবে শহুরে জীবনযাত্রা বা আরবান লিভিং।

চার দিনের এই প্রদর্শনীতে টেকটেক্সটিল ফোরাম, বিভিন্ন টক শো, আলোচনা সভা এবং সামাজিক মিথস্ক্রিয়ার নানারকমের বিন্যাসের মাধ্যমে তথ্য বিনিময়ের একটি নতুন কাঠামোর সূচনা হবে। যা সাহায্য করবে প্রযুক্তিগত টেক্সটাইলের সব আঙ্গিক থেকে প্রদর্শক এবং বাণিজ্য দর্শকদের। গবেষক, পণ্যের বিকাশে নিয়োজিত দল এবং ব্যবহারকারীদের জন্যও এটি নতুন দিক উন্মোচন করবে। — প্রেস বিজ্ঞপ্তি।