মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : মামলার সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে

দেশব্যাপী চাঞ্চল্যকর মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে।  আজ মঙ্গলবার বাদীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। 
 
মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফত হোসেনের আদালতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার বিচার শুরু হয়েছে। এই সময় মামলার ১৭ আসামির সকলেই কাঠগড়ায় ছিলেন। একজন আসামি তৈয়বুর রহমান তোতার আইনজীবী আদালতে জানান,  সে হাইকোর্টে কোয়সমেন্ট করেছে। আদালত তাকে আদেশের কপি জমা দিতে বলেন।
   
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমান আদালতে বলেন, রাষ্ট্রপক্ষের সিডিতে প্রযোজনীয় কিছু কাগজপত্র নেই। উচ্চ আদালতের আদেশ দাখিলের, রাষ্ট্রপক্ষের কাগজ সংগ্রহের জন্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয় ৭ আগস্ট।
 
উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয়। পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয়।  
 
ইত্তেফাক/এমআই