যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

 
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জাকির হোসেন ওরফে জনি নামে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাইচন্দ্র সাহা মঙ্গলবার এই রায় দেন।
 
সাজাপ্রাপ্ত জাকির হোসেন জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। তিনি যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে ডিবি পুলিশের একটি দল যশোর-চৌগাছা সড়কের মান্দারতলা এলাকার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে জাকির হোসেন নামে এক সন্দেহভাজনকে আটক করে। তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে একটি পলিথিনে থাকা প্রায় চার লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই হেমায়েত হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ দারা খান ওই বছরের ১৬ মার্চ আদালতে তদন্ত রিপোর্ট দেন। সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় জাকির হোসেনের এই কারাদণ্ড হয়।
 
ইত্তেফাক/জামান