জলবায়ু পরিবর্তনে সম্মিলিত কাজ করতে হবে: হাছান মাহমুদ

 
জলবায়ু পরিবর্তন একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এটি মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।
 
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কোস্ট ট্রাস্ট আয়োজিত 'জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ এবং বে অব বেঙ্গল রিজিওনাল কো-অপারেশন' শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
 
এসময় তিনি বলেন, 'মায়ানমারে এক লক্ষ ৩০ হাজার ও ভুটানে ২০ কোটি ২৫ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হাইড্রো পাওয়ার প্রোডাকশন আছে। আমরা  এগুলো একে অপরের সাথে শেয়ারিংয়ের মাধ্যমে জলবায়ু মোকাবেলা করতে হবে।'
 
'জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক দুর্যোগ' উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, "বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনে কাজ করে যাচ্ছে। বিশ্বে জলবায়ু পরিবর্তনে সাফল্য লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক জলবায়ু স্বীকৃতি 'গ্লোবাল অব দ্যা আর্থ' ঘোষিত হয়েছেন।" 
 
সেমিনারে কোস্ট ট্রাস্টের আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে ভুটানের প্রতিনিধিত্ব করেন কানমা ওয়াংচুক, মায়ানমারের ম্যাগডোনাল ও টুয়্যাং, ভারতের বিশ্বজিৎ মহাত্মা এবং নেপালের ইক প্রাসাদ দাঊদি।
 
কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইউএনসিএন এর নির্বাহী পরিচালক হাসিব মোহাম্মদ ইরফানুল্লাহ, কাজী খালেকুজ্জামান, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/জামান