‘এতদিন মানসম্মত কোনো গল্পই পাইনি’

 কে হচ্ছেন ‘বিশ্বসুন্দরী’, এ নিয়ে ছিল বড় জল্পনা। শেষমেশ নিশ্চিত হওয়া গেল সময়ের অন্যতম আলোচিত নায়িকা পরীমনির নাম। ক্যারিয়ারের শুরুতে সব ধরনের ছবিতে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। তবে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ বদলে দিয়েছে তাঁর রুচি। পরী জানালেন, নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমায় ভিন্ন চরিত্রের কারণেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

নতুন এই ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, অনেকেই আমাকে বলত কাজ করছি না কেন! আবার অনেকে মনে করত কাজ পাচ্ছি না। কিন্তু আমার চিন্তাভাবনার সঙ্গে না মিললে কীভাবে ছবি করব। মানসম্মত কোনো গল্পই পাইনি। একারণে ‘স্বপ্নজাল’-এর পর আমি আর কোনো ছবিতে সাইন করিনি। অতঃপর বিশ্বসুন্দরীর গল্প শুনেছি, মুগ্ধ হয়েছি, সাইন করেছি। আমার বিশ্বাস এটি সবারই ভালো লাগবে।

পরীমনি আরো বলেন, ক্যারিয়ারে আর মানহীন ছবি করবই না! এখন থেকে বেছে বেছে ছবিতে অভিনয় করব। সেজন্য গত দেড় বছর কোনো ছবি করিনি।

নির্মাতা চয়নিকা চৌধুরী তাঁর ছবিটি প্রসঙ্গে আগেই ধারণা দিয়েছিলেন। বলেছিলেন, ছবির গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের। সেটাই শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠবে। আগামী জুনে শুটিং শুরু হবে। পরীমনি ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন সিয়াম আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ ও মনিরা মিঠু।