পাওনা অর্থের জন্য আশুলিয়ার জামগড়া এলাকার শেড ফ্যাশনের শ্রমিকরা গতকাল দিনভর অপেক্ষ করেন বিজিএমইএ ভবনের সামনে। দুই হাজারের বেশি শ্রমিকের দিনভর অপেক্ষার পর বিকাল থেকে পাওনা অর্থ পরিশোধ শুরু হয়। রাত ৯টা নাগাদ পাওনা পরিশোধ কার্যক্রম সম্পন্ন করা যায়নি।
শ্রমিক সংগঠন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র অর্থ আদায়ের এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সংগঠনটির আশুলিয়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান ইত্তেফাককে বলেন, রাত ৯টা নাগাদ পাওনার জন্য অপেক্ষায় ছিলেন। শ্রমিক নেতা ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি এ বিষয়টিকে অমানবিক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এ অমানবিক পরিস্থিতির জন্য দায়ীদের আইনের আওতায় আনা হোক।
জানা গেছে, শেড ফ্যাশন নামে এ গার্মেন্টস কারখানাটি সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর পাওনার দাবিতে একাধিকবার শ্রমিকদের বিজিএমইএ ভবন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (ডিআইএফই) আসতে হয়েছে। নানা জায়গায় ধর্ণা দিয়ে অবশেষে তাদের পাওনা অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। কারখানার মালিক ভারতীয় নাগরিক। সম্প্রতি কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। এ বিষয়ে কথা বলতে বিজিএমইএ’র দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
ইত্তেফাক/নূহু