কোচ জিনেদিন জিদান আবার রিয়াল মাদ্রিদের হাল ধরার পর তৃতীয় খেলাতেই হারের বিস্বাদ নিলেন। যদিও চলতি মৌসুমে স্প্যানিশ লিগে এটি রিয়ালের নবম হার। ভ্যালেন্সিয়ার মাঠে জিদানের দলের হারটি ছিল ১-২ গোলের। হারটির পর তিনি খেলোয়াড়দের প্রতি সহানুভূতিও জানান।
আগের দুই মৌসুম মিলিয়ে হারের পরিমাণ যা ছিল, রিয়াল এবার এক মৌসুমেই অতগুলো পরাজয় প্রত্যক্ষ করেছে। এ হারের পর তৃতীয় স্থানে থাকা মাদ্র্রিদের ক্লাবটি স্প্যানিশ লিগের শীর্ষে জায়গা পোক্ত করা বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে পড়লো। ৩৩ বারের স্প্যানিশ চ্যাম্পিয়নরা এখন চতুর্থ স্থানে থাকা গেতাফের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে।
চলতি মৌসুমে রিয়াল দুর্দশার মধ্যে থাকার কারণে ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে দলটিতে ব্যাপক পরিবর্তন আসবে। জিদান অবশ্য গত বুধবার রাতের খেলাটির পর বলেছেন লিগের বাকি আট খেলার উপর কে থাকবে এবং কে চলে যাবে তা নির্ভর করবে না।
তিনি বলেন, ‘শেষের এ খেলাগুলো কোনো পরীক্ষা নয়। আমাদেরকে এ ধরনের বাজে মুহূর্তগুলোর মোকাবিলা করতে হবে। তবে এর মধ্যদিয়ে কোনো কিছু বদলাবে না। আমরা ভ্যালেন্সিয়ার খুব ভালো একটা দলের বিরুদ্ধে খেলছিলাম। তাদের অনেক কিছুই বিপদাপন্ন ছিল। মূলত এটাই তফাত গড়ে দিয়েছিল।’
ভ্যালেন্সিয়া এদিন ৩৫ ও ৮৩ মিনিটের পর্তুগিজ উইঙ্গার গনচালো গুয়েদেস ও আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যারায়ের গোলে জয় নিশ্চিত করে নেয়। করিম বেনজেমা যোগ হওয়া সময়ে গোলটি করে কেবল ব্যবধান কমাতে সক্ষম হন। ফরাসি স্ট্রাইকারের গোলটির আগ পর্যন্ত রিয়াল খুব কম সুযোগই পেয়েছিল। সত্যি বলতে কি নৈপুণ্যের বিচারেও ভ্যালেন্সিয়ার চেয়ে পিছিয়ে ছিল রিয়াল।
জিদান এদিন হারের পর খেলোয়াড়দের দুষতে রাজি হননি। বিশেষ করে মার্সেলোর। ব্রাজিল লেফট ব্যাকের জন্য মৌসুমটি ভালো যাচ্ছে না। আগের কোচের অধীনে তিনি দলে জায়গা পেতেন না। কিন্তু জিদান ফিরে এসে আবার তাকে খেলাচ্ছেন। মার্সেলো এদিনও ভালো খেলেননি। কিন্তু তার প্রথম মেয়াদের অনেক ট্রফি জয়ের পেছনের এ কান্ডারির সমর্থনে এগিয়ে আসেন জিদান।
তিনি বলেন, ‘মার্সেলো মার্সেলোই এবং সে যেভাবে খেলে সেটা আমি পছন্দ করি। আমি মনে করি সে ভালোই করছে। কঠোর অনুশীলন করছে সে এবং দায়বদ্ধ। আর কঠিন মৌসুম যাচ্ছে এমনদের মধ্যে সে একা নয়।’
গত মাসে আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের মধ্য দিয়েই চলতি মৌসুমে রিয়ালের কোনো শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। তারও আগে বার্সেলোনার কাছে টানা দুই হারে শেষ হয়ে যায় লিগ ও কোপা দেল রে’র সম্ভাবনা।
ফরাসি কিংবদন্তি জিদান জানান, এরকম পরিস্থিতিতে খেলোয়াড়দের পক্ষে মৌসুমের অবশিষ্ট সময়ের জন্য মনোযোগী থাকা কঠিন। তারপরও তিনি তাদের আগামীকাল শনিবার এইবার এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালানোর আহ্বান জানান।