নৃতাত্ত্বিকদের নিয়ে বিটিভির বিশেষ ঈদ অনুষ্ঠান 'পাহাড়িয়া মন'

 
ঈদুল ফিতর উপলক্ষে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবেশনায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ধারণ করা হয়েছে। পাহাড়ি নাচ গানের সমন্বয়ে ধারণকৃত অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে পাহাড়িয়া মন।
 
অনুষ্ঠানটিতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিল্পীরা অংশ গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রাম-ঘরসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে।
 
তিন পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের নাচ গানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্যের দেখা মিলবে। পাহাড়, চা বাগান, লেক, ঝুলন্ত সেতুসহ একাধিক দৃষ্টিনন্দন জায়গায় অনুষ্ঠানের অধিকাংশ নাচ গান ধারণ করা হয়েছে।
IMG0
অনুষ্ঠানের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী জানান, অনুষ্ঠান ধারণের সময় আবহাওয়া মোটেও ভাল ছিল না। টানা বৃষ্টির পর শুটিং ইউনিটের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর অনুষ্ঠান ধারণ করা সম্ভব হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাজের অসুবিধা হলেও বেশ কয়েকটি নাচ গান বৃষ্টিতে ধারণ করা হয়েছে। এগুলোই অনুষ্ঠানের ভিন্নতা এনে দিয়েছে।’
 
তিন পর্বে সাজানো প্রতিটি পর্বই দর্শকদের নজর কাড়তে পারবে বলে প্রযোজক আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঈদের আয়োজনে দেখানো হবে।
 
ইত্তেফাক/আনিসুর