১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত দর্শকের চোখ-ভেজানো এক ছবির নাম ‘ছুটির ঘণ্টা’। স্কুল-বাথরুমে আটকা পড়ে নির্মম মৃত্যুর শিকার হওয়া গল্পের সেই খোকনকে আজও ভুলতে পারেননি সিনেমা-প্রেমীরা।
ছবি মুক্তির প্রায় ৩৭ বছর পর সেই খোকন তথা মাস্টার সুমনকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করল বিশেষ অনুষ্ঠান ‘সেদিনের তারকা’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার।
মাস্টার সুমন ছাড়াও এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন শিশুশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মাস্টার শাকিল এবং ‘দেবদাস’সহ সেসময়ের আলোচিত বেশ কিছু সিনেমায় মাস্টার শাকিলের নায়িকার চরিত্রে অভিনয় করা আইরিন পারভীন লোপা।
আরো অংশ গ্রহণ করেছেন গত দশকের আলোচিত শিশুশিল্পী এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি। অনুষ্ঠানে এই চার শিল্পী তাদের অভিনয়জীবনের স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেছেন বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে। মাসউদুল হকের সার্বিক তত্বাবধানে ‘সেদিনের তারকা’ প্রযোজনা করেছেন আজগর আলী। আর এটি বিটিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ৯টা ১৫ মিনিটে।
অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘একসময়ের পর্দা-কাঁপানো মানুষগুলোকে আবার পর্দায় আনতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
ইত্তেফাক/আনিসুর