স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ১২তম ইউল্যাব ফেয়ার কাপের ফাইনালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশকে (আইইউবি) ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ইউল্যাব এই টুর্নামেন্টে তৃতীয় স্থান পায়।
মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাব-এর স্থায়ী ক্যাম্পাসের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এ ফাইনাল।
৩৫ বলে ৪৩ রান করে ফাইনাল ম্যাচে সেরা হন স্ট্যামফোর্ডের সাব্বির হোসাইন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ইউল্যাবের আঞ্জুম আহমেদ জেসি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলকে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক, বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য; রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ; স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলি নকি ও রেজিস্ট্রার আব্দুল মতিন প্রমুখ।
এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি বিশ্ববিদ্যালয়। খবর বিজ্ঞপ্তির।