সরকারের ভাবমূর্তি রক্ষায় বাজেট নিয়ে নাটক: রিজভী

 
সরকারের ভাবমূর্তি রক্ষায় বাজেট নিয়ে নাটক ও প্রহসন চলছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর ইমেজ রক্ষার জন্য বাজেট নিয়ে জনগণের সঙ্গে তামাশা চলছে। তিনি বলেন, 'এরই অংশ হিসেবে অর্থমন্ত্রীকে বেকুব রাবিশে পরিণত করা হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীপরিষদ এই বাজেট অনুমোদন করে পাশের জন্য রাষ্ট্রপতির কাছে ও সংসদে উপস্থাপন করেছে।'
 
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 'বাজেট নিয়ে সরকারের যে তামাশা তাতে সরকার কোনও গভীর সত্য লুকানোর চেষ্টা করছে। কারণ বর্তমান শাসকগোষ্ঠী অর্থ ও পেশীশক্তি দিয়ে মূল্যবোধগুলোকে ধ্বংস করেছে।'
 
বর্তমান সরকারকে দুর্ভোগ সৃষ্টির সরকার মন্তব্য করে তিনি বলেন, 'এই সরকার মানুষকে শান্তি, স্বস্তি, স্থিতি দিতে পারেনি। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের সীমা নেই। মহাসড়কগুলো দীর্ঘ যানজটে নাকাল। মন্ত্রীরা বাগাড়ম্বর কথা বলে যাচ্ছেন, কিন্তু দেশের উন্নয়নের কোনও চিহ্ন নেই।' রিজভী আরও বলেন, 'বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই কয়েকদিন পর পর আদালতে হাজিরা দিতে হচ্ছে।'
 
ইত্তেফাক/জামান