বাংলা ভাষার উন্নয়নে সমন্বিত কাজের আহবান জানিয়েছেন ইজেনারেশন লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম।
বুধবার তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার : চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক সেমিনারে বক্তব্য দানকালে তিনি বলেন, বিশ্বের প্রায় ৩৫ কোটি লোক বর্তমানে বাংলা ভাষায় কথা বলে। কিন্তু এখনও ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার ও প্রয়োগ সার্বজনীন নয়। এজন্য সরকার, গবেষক, তথ্য প্রযুক্তিবিদ ও ভাষাবিদদের একযোগে কাজ করা প্রয়োজন।
রাজধানীর আইসিটি টাওয়ারে এ সেমিনারের আয়োজন করে সরকারের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প। সারাদিনের মোট তিনটি সেশনে সারাদেশের গবেষক, ভাষাবিদ ও কম্পিউটার প্রকৌশলীগণ তাদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন। সকালে সেমিনারের উদ্বোধন করেন সংসদ সদস্য ও কবি কাজী রোজী। এ সময় তিনি তথ্য প্রযুক্তির জগতে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে সমম্বিতভাবে কাজ করার আহবান জানান।
পরবর্তী দুইটি কারিগরি সেশন সঞ্চালন করেন শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার। দুই সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, বিসিসির সাবেক নির্বাহী পরিচালক এবং ইজেনারেশন লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দানীউল হক এবং শাবিপ্রবির সহকারী অধ্যাপক সামির ইসমাইল।
জানা যায়, দেশে এরই মধ্যে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার উন্নয়নের জন্য অনেক কাজ হলেও সব কাজকে একত্রিত করে একটি সমন্বিত কার্যক্রম কখনো করা হয়নি। ফলে বিভিন্ন উদ্যোগ হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। তবে, বক্তারা বলেন যে কাজগুলো সম্পন্ন হয়েছে আলোচ্য প্রকল্প সেখান থেকেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা সরকারের এই উদ্যোগের প্রতি সাধুবাদ জানিয়ে বলেন – যথাযথভাবে সকলের অংশিদারিত্বের ভিত্তিতে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন।
দিনের শুরুতে প্রকল্প পরিচালক জিয়াউদ্দিন আহমেদ জানান এই প্রকল্পের আওতায় মোট ১৬টি টুলস উন্নয়ন করা হবে। এগুলো হলো বাংলা করপাস, বাংলা ওসিআর, বাংলা Speech to text এবং Text to Speech, জাতীয় কি-বোর্ডের আধুনিকায়ন, বাংলা স্টাইল গাইড উন্নয়ন, বাংলা ফন্টের ইন্টার অপারেবিলিটি ইঞ্জিন, বাংলা ভাষার জন্য Common Locale Data Repository (CLDR) উন্নয়ন, বাংলা বানান ও ব্যাকরণ পরীক্ষক, বাংলা মেশিন ট্রান্সলেটর উন্নয়ন, স্ক্রিন রিডার সফটওয়্যার, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সফটওয়্যার উন্নয়ন, সেন্টিমেন্ট(ভাব) উন্নয়ন বিশ্লেষণ টুলস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-ভাষীদের জন্য প্রমিত কি-বোর্ড, বাংলা IPA (Inteational Phonetic Alphabet) ফন্ট উন্নয়ন, জনপ্রিয় বাংলা ওয়েবসাইট বিভিন্ন ভাষায় অনুবাদকরণ ও মাল্টি লিংগুয়্যাল কনটেন্ট প্রসেসিং টুলস।
সেমিনার পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মুনির হাসান।
ইত্তেফাক/নূহু