সোমালি শরণার্থীদের সঙ্গে ইফতার করলেন মার্ক জাকারবার্গ

যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে সোমালি শরণার্থীদের একটি গ্রুপের সঙ্গে ইফতার করেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে ছবি সম্বলিত করে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি। 
 
ওই ছবিতে দেখা যাচ্ছে, মার্ক জাকারবার্গের আশেপাশে কয়েকজন সোমালি নারী শরণার্থী রয়েছেন। যারা আফ্রিকার সোমালিয়া থেকে অভিবাসনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আরো দেখা যাচ্ছে, সামনে ইফতারের খাবার রেখে ওইসব সোমালি নারীদের জীবনের দুর্বিষহ গল্প মনোযোগ সহকারে শুনছেন জাকারবার্গ। 
 
পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘শরণার্থী হলে আপনি নিজেও জানেন না, কোন দেশে আপনার শেষ সময়ের ঠাঁই হতে পারে।’ এছাড়া তিনি আরো বলেন, ‘আমি ২৬ বছর শরণার্থী ক্যাম্পে কাটানো একজনকে জিজ্ঞেস করেছিলাম যে, আমেরিকাকে কি আপনার সঠিক আশ্রয় বলে মনে হচ্ছে। তিনি গভীর ভেবে এর সহজ একটি উত্তর দিয়েছেন- আপনি যেখানে স্বাধীন ও নিজের ইচ্ছায় চলতে পারবেন, সেটাই আপনার বাড়ি। হ্যাঁ, এখানেই আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি।’
IMG0
এছাড়া রমজানের এই শেষ সময়ে এ ধরণের ‘ইফতার’ আয়োজন করার জন্য তিনি আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানান। এছাড়া বিদেশ বিভূঁইয়ে এসে নতুন জীবন শুরু করার জন্য তিনি এইসব শরণার্থীদের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন। 
 
ইত্তেফাক/সেতু