নেত্রকোনার মোহনগঞ্জের মোহনগঞ্জ-গাগলাজুর ১৬কি.মি. জিসি সড়কের বেশির ভাগ অংশ নির্মাণের এক মাসের মধ্যেই ভেঙে গেছে।
সরেজমিনে দেখা গেছে, ডিঙ্গাপোতা হাওরে সড়কটির অনেক স্থানে আরসিসি ঢালাইয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঢালাই করা কংক্রিট থেকে বালু, পাথর ও রড বেরিয়ে গেছে। বর্তমানে চলাচলকারী ছোট ছোট যানবাহনও গর্তে আটকে যাচ্ছে ও প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা।
উপজেলার গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, বার বার নিম্নমানের কাজের ব্যাপারে বাধা দিয়ে কোনো প্রতিকার হয়নি।
ওই সড়কের বেশির ভাগ অংশ ভেঙে যাওয়ার কথা স্বীকার করে মোহনগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মাহমুদ জানান, তিনি সড়কের বর্তমান অবস্থা সম্পর্কে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে চিঠি দিয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করছেন বলে জানান।
নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত লোডে যানবাহন চলাচলের কারণে সড়কে ভাঙন দেখা দিয়েছে। গ্রামীণ সড়কগুলো যে লোড দিয়ে ডিজাইন করা হয়েছে তার চেয়ে অনেক বেশি নিয়ে গাড়ি চলাচল করছে, যে কারণে ভেঙে গেছে। তিনি বলেন, কাজের গুণগত মানের ত্রুটি ছিল না। নিয়োগপ্রাপ্ত ঠিকাদারকে এখনো চূড়ান্ত বিল দেয়া হয়নি। ঠিকাদারকে দ্রুত বিনষ্ট অংশ মেরামতের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।