তাকে ঘিরে জল্পনা অনেকদিন আগে থেকেই ছিল। এতদিনে মিলল উত্তর। তাও আবার ভাইরাল হওয়া দু’টি ছবির সৌজন্যে। তাতেই মিলল মহামূল্যবান সেই প্রশ্নের উত্তর। রণবীর-ক্যাটরিনার ‘জগ্গা জাসুস’-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্সিং স্টার গোবিন্দা।
প্রথমে জানা গিয়েছিল, বলিউড বাদশা শাহরুখ খানকে দেখা যাবে এই চরিত্রে। কিন্তু পরে এ বিষয়ে পরিচালক অনুরাগ বসু ও প্রযোজক তথা অভিনেতা রণবীর কাপুরকে প্রশ্ন করা হলে, দু’জনেই সে সম্ভাবনা উড়িয়ে দেন। একটু হিন্ট অবশ্য রণবীর দিয়েছিলেন।
বলেছিলেন, এমন কাউকে ক্যামিও চরিত্রে দেখা যাবে, যাকে দেখে চমকে যাবেন দর্শকরা। অভিনেতার সেই কথাই যেন সত্যি প্রমাণিত হয়েছে গোবিন্দার এই নয়া লুকে। যা সামনে এসেছে ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফের এক ফ্যান প্রোফাইলের সৌজন্যে।
রণবীর-ক্যাটরিনার সঙ্গে ছবির এই স্টিলে গোবিন্দাকে দেখা যাচ্ছে একদম অন্যরকম লুকে। মুখে দাঁড়ি, লম্বা চুল ও গায়ে রং-বেরঙের পোশাকে কোনও উপজাতি দলের নেতা হিসেবে মনে হচ্ছে বলিউডের হিরো নাম্বার ওয়ানকে। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/রেজা