রাজধানীর খিলক্ষেতে কুড়িল-বিশ্বরোড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম সোহেল (২৮)। তবে এ ঘটনায় ওই মোটসাইকেলের চালক স্বপন (৩২) আহত হয়েছেন।
আজ শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা দু’জনই কাকরাইলের একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। নিহত সোহেল কুমিল্লার তিতাস উপজেলার আলেমপুর গ্রামের মাংস বিক্রেতা হাবীবুর রহমানের ছেলে।
গ্যারেজের অপর কর্মচারী আমির হোসেন জানান, তারা দু'জনই কাকরাইলের ‘আসমা মোটরস’ নামে একটি গ্যারেজে কাজ করতেন। মোটরসাইকেল নিয়ে পাওনা টাকা আনতে খিলক্ষেতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন স্বপন। আর পেছনে বসা ছিলেন সোহেল। খিলক্ষেতে কুড়িল-বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন সোহেল ও স্বপন। তাদেরকে উদ্ধার করে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। আহত স্বপনের পা ভেঙে যাওয়া তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/কেকে