আদমদীঘিতে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত পাঁচ

আদমদীঘি উপজেলার কুন্দ্রগ্রাম ইউনিয়নের বশিকোড়া তিনমাথা মোড়ে বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষে কুন্দ্রগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেনসহ পাঁচজন আহত হন।

আহত ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, জুবায়েত আলম সাদ্দাম, রফিকুল ইসলাম, এসএম বিপ্লব হোসাইন ও তসলিম উদ্দীনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন জানান, বেলা ১১টায় বাড়ি থেকে আদমদীঘি উপজেলা পরিষদে যাওয়ার সময় বশিকোড়া তিনমাথা নামক স্থানে ওত পেতে থাকা রফিকুল ইসলামসহ ৪/৫ ব্যক্তি তাদের গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল চালক জুবায়ের আলম সাদ্দামকে অস্ত্র দিয়ে আঘাত করে ইউপি চেয়ারম্যানের বুকে অস্ত্র ঠেকিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, উপজেলা পরিষদের নির্বাচন হারজিত নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।