কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হিসেবে মোট ১৩টি দাবি জানিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এছাড়া আল-জাজিরা টিভি বন্ধ করা সহ উপসাগরীয় দেশগুলোর দাবি মেনে না নিলে কাতারের সঙ্গে তাদের ‘পথ আলাদা হয়ে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ।
IMG0
দাবি গুলোর মধ্যে রয়েছে আল-জাজিরা টিভি বন্ধ করা, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা কমানো এবং সেদেশে তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ করা। এ নিয়ে গারগাশ বলেন, কাতার দশদিনের আল্টিমেটাম না মানলে যে তারা সংঘাতের পথে যাবেন তা নয়। তবে এই ১৩টি দাবির পর প্রথম প্রতিক্রিয়ায় কাতারের সরকার বলেছে, এগুলোর কোনটাই যুক্তিসংগত বা বাস্তবায়নযোগ্য নয়। কাতার বলেছে, এসব দাবির সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলার কোনো সম্পর্ক নেই বরং এগুলোর লক্ষ্য হচ্ছে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা।
IMG1
অন্যদিকে আল-জাজিরা টিভির এক মুখপাত্র জামাল আল-শায়াল বলেছেন, ‘আমাদের আদর্শের কণ্ঠরোধ করা যাবে না। যেসব দেশে মানবাধিকার বা মতপ্রকাশের স্বাধীনতার রেকর্ড অত্যন্ত খারাপ তারাই আল-জাজিরার বিরুদ্ধে সন্ত্রাস উস্কে দেবার অভিযোগ করছে। এটাই বুঝিয়ে দেয় কেনো আল-জাজিরাকে তারা সমস্যা বলে মনে করে।’
IMG2
সন্ত্রাসবাদ উস্কে দেবার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, ‘যেসব দেশ উগ্রপন্থী সংগঠনগুলোর সৃষ্টি অথবা তাদের অর্থ সহায়তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাদের দিক থেকে এধরনের অভিযোগ উদ্ভট।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু