বছর ঘুরে আবার এসেছে ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর সোমবার সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছে সারা দেশ।
রবিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯ রোজা শেষে ঈদ পালন করছেন বাংলাদেশের মুসলমানরা। সোমবার সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আর প্রধান জামাতটি জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর নিরাপত্তায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে আছে আনসার স্ট্রাইকিং ফোর্স।
গত বছর ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন। আর ঈদের দিন সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হওয়ার আগে পুলিশ চৌকিতে জঙ্গি হামলায় নিহত হন এক নারীসহ চারজন।
ইত্তেফাক/ উজ্জ্বল ও নূহু