কচুয়ায় নির্ধারিত স্থানে ব্রিজ নির্মাণের দাবি

কচুয়ার দক্ষিণ বিতারা গ্রামে সরকারি সিডিউল মোতাবেক নির্ধারিত স্থানে ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রেখেছে এলাকাবাসী। বৃহস্পতিবার এলাকার বিভিন্ন পেশার শত শত নারী-পুরুষ দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ালী উল্লাহ সরকার, বিতারা গ্রামের ছাদেক মুন্সী, আনোয়ার মৃধা, বিল্লাল মৃধা প্রমুখ।

তাদের দাবি, ২০১৮-২০১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষিণ বিতারা গ্রামের ডাক্তার বাড়ির পাশে কালভার্ট-ব্রিজ নির্মাণের প্রকল্প অনুমোদন হয়। কিন্তু অনুমোদনের পর স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ মুন্সী তার খেয়াল-খুশিমতো প্রভাব খাটিয়ে একই গ্রামে এক কিলোমিটার উত্তরে ব্রিজ নির্মাণ করে আসছে।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রকল্প অনুমোদিত নির্ধারিত স্থানে (সিডিউল মোতাবেক) ব্রিজ নির্মাণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।

এ ব্যাপারে ইউপি সদস্য ইউনুছ মিয়া বলেন, প্রকল্প অনুমোদিত স্থানে সরু কাঁচা রাস্তা দিয়ে ব্রিজ নির্মাণের মালামাল সামগ্রী ট্রাকে বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে নিতে সমস্যা হওয়ায় এক কিলোমিটার উত্তরে জনস্বার্থে ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যাপারে কোনো প্রভাব খাটানো হয়নি বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ জানান, সিডিউল বহির্ভূত অন্যত্র ব্রিজ নির্মাণ করা হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।