যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, গাড়ি ভাংচুর

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনার জের ধরে ১০/১২টি গাড়িতে ভাংচুর চালিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনতা। ঈদের দিন দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে এ ঘটনা ঘটে।
 
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের ধাক্কায় স্কুলছাত্র শিয়াম আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শহীদ ফারুক রোড অবরোধ করে এলাকাবাসী কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বাসটি আটক করা সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/ইউবি