সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত জওহরলাল নেহেরু পোর্ট ও ক্যাডবেরি কারখানা

ফের বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ইউক্রেন থেকে শুরু হওয়া এক বড় আকারের সাইবার আক্রমণ এখন পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন ছাড়াও রাশিয়া, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ও নরওয়ে থেকে শুরু করে ভারত পর্যন্ত অনেকগুলো দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা সাইবার হামলায় আক্রান্ত হয়েছে।
 
গত মাসেই শতাধিক দেশকে কাবু করে দিয়েছিল র‌্যানসমওয়্যার সাইবার হামলা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারতের মুম্বাইয়ের পণ্য পরিবাহী বন্দর জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্টের (জেএনপিটি) তিনটি টার্মিনাল ‘গোল্ডেন আই বা পেটয়া র‌্যানসামওয়্যার’ সাইবার হামলার কবলে পড়েছে। হামলা হয়েছে এপি মোল্লের মায়েরস্ক কোম্পানির ওয়েবসাইটেও।
IMG0
এই সংস্থা জেএনপিটি’র গেটওয়ে টার্মিনাল ইন্ডিয়া বা জিটিআই’র কাজকর্ম নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এই কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে ১৮ লক্ষ কন্টেইনার। এপি মোল্লের মায়েরস্ক আক্রান্ত হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছে দেশটির বৃহত্তম কন্টেনার বন্দরের কাজকর্ম। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবরে জানা গেছে, আপাতত ম্যানুয়ালি কাজ করে বন্দরের কাজকর্ম স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টাও চালানো হচ্ছে।
 
তবে এবারই অস্ট্রেলিয়ার কোনো কোম্পানি প্রথম সাইবার হামলার শিকার হলো। বুধবার এক বিবৃতিতে দেশটির ক্যাডবেরি চকলেট ফ্যাক্টরি জানায়, গতকাল রাতে সাইবার হামলার পর কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় তাসমানিয়া অঙ্গরাজ্যে অবস্থিত নিজেদের কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ফ্যাক্টরির শ্রম সংগঠনের স্টেট সেক্রেটারি জন সর্ট বলেন, ‘ফ্যাক্টরি শ্রমিকেরা নিশ্চিত ছিল না—ঠিক কী হচ্ছে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে, সারা বিশ্বেই কোনো বড় ধরনের হামলা হয়েছে।’
IMG1
গতকাল নতুন এই হামলার শিকার হয়েছে রাশিয়ার তেল কোম্পানি, ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ও রাজধানী কিয়েভের প্রধান বিমানবন্দরও হামলার মুখে পড়েছে। তারাই মূলত হামলার বিষয়টি প্রথম প্রকাশ করে। বিবিসি, সিএনএন ও এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু