রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিমান কর্মকর্তা নিহত

 
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিমান কর্মকর্তা মঈন উদ্দিন ভূঁইয়া (৫৫) নিহত হয়েছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মাশিয়াল অফিসার ছিলেন। আজ বুধবার সকাল ৯ টার দিকে রাজধানীর খিলক্ষেত বিমান বন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ জানান, সকালে মঈন উদ্দিন অন্যান্য সহকর্মীর সঙ্গে একটি মাইক্রোবাসযোগে মিরপুর থেকে তার কর্তব্যস্থল বিমান বন্দর এলাকায় যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসের পেছনের চাকা ফেটে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মঈন উদ্দিন গুরুতর আহত হন। 
 
পরে তাকে কূর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১৯৮৮ সালে বিমানে যোগদান করেন। তিনি কুমিল্লা জেলার নাঙলকোট থানার ভাদুরা গ্রামের রফিক উদ্দিন ভূঁইয়ার ছেলে। 
 
মঈন উদ্দিন ভূঁইয়া স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 
 
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। -বাসস
 
ইত্তেফাক/কেকে