অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অনন্তকালের জন্য সঞ্চয়পত্রের সুদের হার নির্দিষ্ট থাকতে পারে না। বিষয়টি তাই আমাদের পুনর্বিবেচনা করতে হবে।
একটি বিষয় আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণের কারণে কোন পেনশনভোগী, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কেউ যাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।
সঞ্চয়পত্রের সুদের হার কমানোর বিষয়ে বাজেট বক্তৃতায় কোন প্রস্তাব ছিল না। বুধবার জাতীয় সংসদে বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে সঞ্চয়পত্র খাত হতে নিট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৬১০ কোটি টাকা। যেখানে এপ্রিল, ২০১৭ পর্যন্ত বিক্রি হয়েছে ৪২ হাজার ৯৮ কোটি টাকা। মূলত ব্যাংক ব্যবস্থায় সুদের হার কমার কারণে সঞ্চয়পত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে লক্ষ্যমাত্রার তুলনায় সঞ্চয়পত্র হতে অধিক ঋণ গ্রহণ করতে হচ্ছে। ফলে সুদ বাবদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে যা সরকারের ব্যয় ব্যবস্থাপনার ওপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, আমরা চাচ্ছি সঞ্চয়পত্রের মাধ্যমে যে সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করা হচ্ছে তা যেন সঠিক ব্যক্তিরা পায়।
ইত্তেফাক/ইউবি