ফেনীর সোনাগাজী উপজেলার একটি দুর্গম ও বিচ্ছিন্ন জনপদ চর ইঞ্জিমান। যাতায়াত, শিক্ষা, চিকিত্সাসহ নানা সমস্যায় জর্জরিত এ চরাঞ্চলের প্রায় ১০ হাজার বাসিন্দা।
ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজী সদর থেকে ৭নং চর দরবেশ গ্রামটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় এলাকাবাসীকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও দাগনভূঁঞা হয়ে ৫৫ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে উপজেলা সদরে পৌঁছাতে হয়।
এ সকল সমস্যার ব্যাপারে ৫নং চর দরবেশ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ভুট্টু ইত্তেফাককে জানান, এ সমস্যা দীর্ঘ বছরের। ফলে চর ইঞ্জিমানের অনেক বাসিন্দাই পার্শ্ববর্তী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ভোটার হয়েছেন। এলাকার সমস্যা সমাধানের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে বহুবার লেখা হয়েছে। বর্তমান সরকার নোয়াখালীর সোনাইমুড়ী হয়ে মুছাপুর ক্লোজার ডেমের উপর দিয়ে হাইওয়ে কাজ করেছে, এটি সোনাগাজীর ওলামাবাজারের উপর দিয়ে সরাসরি চট্টগ্রাম যাবে বলে শুনেছি। যদি কাজটি হয়ে যায়, তাহলে চর ইঞ্জিমানের ১০ হাজার বাসিন্দার ভাগ্য পরিবর্তন হবে বলে তিনি আশাবাদী।
অপরদিকে, ৭নং চর দরবেশ ওয়ার্ডের চর ইঞ্জিমান গ্রামের প্রবীণ ব্যক্তি আবদুর রহিম (৭০) জানান, তার জীবনের প্রথম থেকে এ পর্যন্ত এই সমস্যাই দেখে আসছেন। এখন শোনা যাচ্ছে গ্রামের পাশ দিয়ে মহাসড়ক যাবে। এই মহাসড়ক হলে গ্রামের উন্নয়ন হবে— এই আশায় বুক বেঁধে থাকা ছাড়া আর কোনো ভরসা পাই না। আবদুর রহিম আরো জানান, নদী ভাঙন এ চরাঞ্চলের অন্যতম সমস্যা। প্রতি বছর নদী ভাঙনের কারণে ঘরবাড়ি, আবাদি জমি বিলীন হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। বিগত দুই যুগের অব্যাহত ভাঙনে গৃহহারা বহু পরিবারকে বেড়িবাঁধসহ যত্রতত্র বসবাস করতে হচ্ছে। তাছাড়া চরাঞ্চল হওয়ায় এলাকায় জলদস্যু, চুরি, ডাকাতি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উত্পাত বেশি। এলাকায় কোনো পুলিশ ফাঁড়ি না থাকায় অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশ আসতেও অনেক সময় লেগে যায়।
চর ইঞ্জিমানের পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী শওকত হোসেন জানান, চিকিত্সা ক্ষেত্রে এ চরাঞ্চল একেবারেই অবহেলিত। যাতায়াত সমস্যার কারণে এখানে কোনো স্বাস্থ্যকর্মী এমনকি পরিবার পরিকল্পনা কর্মীরাও আসতে চায় না। এছাড়াও বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব প্রকট। একদিকে নদী ভাঙন, ঝড়-জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, জলদুস্যদের অত্যাচারসহ বিভিন্ন সমস্যার সাথে লড়াই করে চরাঞ্চলবাসী দিনাতিপাত করে যাচ্ছে। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে ফেনীর সোনাগাজীর মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনপদকে কোম্পানীগঞ্জ উপজেলার সঙ্গে একীভূত করলে দুর্ভোগ কমে আসবে বলে মনে করেন ওই মাঠকর্মী।