‘হলি আর্টিজানের ঘটনায় শিগগির নির্ভুল চার্জশিট ’

 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হলি আর্টিজানের ঘটনায় শিগগিরই নির্ভুল ও নিখুঁত চার্জশিট আদালতে দাখিল করা হবে। আমরা বুঝতে পেরেছি জঙ্গিরা কী চায়? কী তাদের উদ্দেশ্য, কারা এর আশ্রয়-প্রশ্রয়দাতা কিংবা কারা এর অর্থায়ন করছে। সবগুলো বিষয় আমরা এই ঘটনাটি ঘটার পর খুব সূক্ষ্মভাবে দেখেছি এবং সে জন্যই আমরা চার্জশিট দিতে একটু সময় নিয়েছি।
 
গতকাল বুধবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো ছিল। র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা সবাই তৎপর ছিল। মার্কেটগুলোতে মানুষ স্বচ্ছন্দে কেনাকাটা করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তা করেছে বলেই এটা সম্ভব হয়েছে। এ জন্য তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
 
ঈদে বাড়ি ফেরা নিরাপদ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অমানুষিক পরিশ্রম করেছে দাবি করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যানজট নিরসন ও হাইওয়েগুলো যান চলাচলের উপযোগী রাখা। আইন-শৃঙ্খলা বাহিনী তা যথাযথভাবে পালন করেছে বলে আমরা মনে করছি।
 
ইত্তেফাক/এমআর