বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৬ জুলাই ধার্য করেছে আদালত।
আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান পৃথক মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে আনা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল আজ। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটিতে তদন্ত কর্মকর্তা (আইও) দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে পুনরায় জেরার জন্য দিন ধার্য ছিল। মামলায় হাজিরা দিতে বেলা পৌনে ১১টায় আদালতে উপস্থিত হন বেগম খালেদা জিয়া।
আজ আদালতের কার্যক্রমের শুরুতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে জেরা করেন আইনজীবী আব্দুর রেজ্জাক খান এবং আমিনুল ইসলাম। আংশিক জেরা শেষে অবিশি জেরার জন্য ৬ জুলাই পরবর্তী তারিক ধার্য করা হয়।
অপরদিকে, আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে হাইকোর্টের দেয়া পুনরায় তদন্তের আবেদন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ করা হয়েছে। যা শুনানির জন্য আগামী ৩ জুলাই তারিখ ধার্য রয়েছে উল্লেখ করে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা। সময়ের আবেদন মঞ্জুর করে আদালত আগামী ৬ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করে আদেশ দেয়। বেলা দেড়টার দিকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। -বাসস
ইত্তেফাক/কেকে