ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। মহাসড়কগুলোতে যানজট ছাড়াই নগরবাসী স্বস্তিতে ঘরে ফিরছে। সড়ক-মহাসড়কেও গাড়ি কম। ফেরার পথে মানুষের ভিড়, যানজটের ঝক্কি না থাকায় স্বস্তির কথা শোনা গেছে কারো কারো মুখে। তবে বাসের টিকিট পেতে বিড়ম্বনা আর বাড়তি ভাড়া পরিশোধ করে তারা ঢাকায় ফিরছেন বলে অভিযোগও রয়েছে। এদিকে গতকাল ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশনে আনোয়ার নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল কমলাপুর স্টেশনে আসা ট্রেনগুলোয় ছিল মোটামুটি ভিড়। রংপুর এক্সপ্রেস, জামালপুর কমিউটার, এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনে ভিড় ছিল বেশি। সবগুলো ট্রেন সময়মতো স্টেশনে পৌঁছালেও রংপুর এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে পৌঁছায়। অপরদিকে সকাল ১০টায় কমলাপুরে আসে এগারসন্ধুর এক্সপ্রেস এ ট্রেন ছিল যাত্রীতে পূর্ণ।সকাল ১০টা ৫০ মিনিটে স্টেশনে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসে ভিড় খুব বেশি ছিল না।
কমলাপুর স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, আজ (গতকাল) ঈদের ফিরতি যাত্রার তৃতীয় দিন সকাল থেকেই ট্রেনগুলোয় মোটামুটি ভিড় ছিল। আমরা সবগুলো ট্রেনেই অতিরিক্ত কোচ সংযোজন করেছি। যেকারণে যাত্রীরা ভালোভাবে আসতে পারছে। স্টেশন থেকে যাত্রী তুলতে অতিরিক্ত সময় নেওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান তিনি।
কমলাপুর রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, তিস্তা এক্সপ্রেসের ( ঢাকা-দেওয়ানগঞ্জ) টিকিট বিক্রির দায়ে আনোয়ার নামে এক কালোবাজারিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২টি টিকিট। পরে তাকে হাজির করা হয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
অপর দিকে দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসেও ভিড় ছিল কম। সায়েদাবাদ বাস টার্মিনালে ঢাকা ফেরত যাত্রীদের খুব একটা ভিড় দেখা যায়নি। অন্যদিকে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, হানিফ, সোনারতরী, গোল্ডেন লাইনসহ বেশ কয়েকটি বাস ভোরে ঢাকায় ফিরেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাসগুলোতে ভরপুর যাত্রী ছিল। আবার অনেক বাসে যাত্রী দাঁড়িয়েও আনা হচ্ছে।
নীলফামারী থেকে আলমগীর ৯ ঘণ্টায় আলম এন্টারপ্রাইজের একটি বাসে সকালে গাবতলীতে পৌঁছান। তিনি বলেন, ঈদে বাড়ি যাওয়ার চেয়ে ফেরার সময় অনেক আরামে ফিরতে পারলাম। তাকেও বাড়তি ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে বলে অভিযোগ করেন।
গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন পরিবহনের কাউন্টার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী রবিবারের মধ্যে বাড়ি যাওয়া মানুষ ঢাকা ফিরে আসবে। এ কারণে এখন অনেকটা চাপ কম রয়েছে। ঢাকা থেকে এখন অনেক বাস খালি যাচ্ছে। ফেরার সময় যাত্রী ভর্তি হয়ে ফিরছে। তবে শুক্র ও শনিবার যাত্রী ফেরার অনেক চাপ থাকবে।
ইত্তেফাক/নূহু